গুরুদাসপুরে শিশু খুন

গেম খেলতে মোবাইল ফোন না দেওয়ায় কুপিয়ে হত্যা করেছে সহপাঠী!

আপডেট : ০৮ মে ২০২১, ২২:৫৩

গেম খেলতে মোবাইল ফোন না দেওয়ায় শিশু মহিবুল্লাহকে (৭) কুপিয়ে হত্যা করেছে তারই সহপাঠী নয়ন মিয়া (১৩)। বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টার মধ্যে ঐ হত্যাকাণ্ডটি ঘটেছে। এঘটনায় অভিযুক্ত নয়ন মিয়াকে তার বাড়ি থেকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে গুরুদাসপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী গ্রামের একটি ভুট্টা খেত থেকে শিশুটির রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। রাতেই ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের শিকার শিশুটি পার্শ্ববর্তী সিংড়া উপজেলার গুটিয়া মহিষমারী গ্রামের পল্লি চিকিত্সক ইসহাক আলীর ছেলে। মাসখানেক আগে শিশুটি মায়ের সঙ্গে নানার বাড়ি সাবগাড়ীতে বেড়াতে আসে।

পুলিশ বলছে, শিশু মুহিবুল্লার কাছ থেকে গেম খেলার জন্য মোবাইল ফোন না পেয়ে ক্ষিপ্ত ছিল নয়ন। তাছাড়া নয়নের বক্তব্য অনুযায়ী মুহিবুল্লার মামা সোহান (১২) তাকে (নয়নকে) নানাভাবে বিদ্রূপ করত। তাই প্রতিশোধ নিতে বৃহস্পতিবার মুহিবুল্লাহকে পাখির বাসা দেখানোর নাম করে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে যায় নয়ন। সেখানে প্রথমে মুহিবুল্লাহকে শ্বাসরোধে হত্যায় ব্যর্থ হয়ে ছুরি দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে তাকে হত্যা করে।

গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত নয়ন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।