সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে রেস্টুরেন্ট নির্মাণের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। গতকাল সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ লিখিত এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়- সোহরাওয়ার্দী উদ্যানের বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা সংরক্ষণের নির্দেশনা চেয়ে ২০০৯ সালে করা রিটের পরিপ্রেক্ষিতে সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত তত্কালীন হাইকোর্ট বেঞ্চ উদ্যান সংরক্ষণে কয়েক দফা নির্দেশনা দিয়েছিলেন। ঐ রায়ে বলা হয়েছে, রমনা তথা সোহরাওয়ার্দী উদ্যান এলাকা নিছক একটি এলাকা নয়। এর একটি ঐতিহাসিক ও পরিবেশগত ঐতিহ্য আছে। শুধু তাই নয়; এ পর্যন্ত বাংলাদেশের সব গণতান্ত্রিক ও স্বাধীনতা আন্দোলনের কেন্দ্র এই এলাকা। এই পরিপ্রেক্ষিতেও এটি বিশেষ এলাকা হিসেবে সংরক্ষণের দাবি রাখে। এখানে এমন কোনো স্থাপনা থাকা উচিত নয়, যা এই এলাকার ইতিহাস-ঐতিহ্যকে বিন্দুমাত্র ম্লান করতে পারে। পরিবেশগত দিক থেকে তা আরো বিধেয় নয়। কারণ এই উদ্যান ঢাকা শহরের দেহে ফুসফুসের মতো অবস্থান করছে। কোনোভাবেই একে রোগাক্রান্ত করা যায় না। তাই উদ্যান সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। ঢাকার মতো জনবহুল দূষিত এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্যানের ভূমিকা, গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে গাছ কেটে ঢাকার দূষণকে আরো ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে।
