সুবর্ণরেখা

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৩৭

তোফায়েল তফাজ্জল

 

ঊদ্ধৃতি টানার পঙিক্ত খুঁজতে যদি মরুঝড়ে পেয়ে বসে,

হরিণের টানা চোখ দেখতে গিয়ে দেখা হয় হুতুমের ডাগর লোচন,

খালুই বোঝাই মাছ পেতে নেমে হাতে পড়ে সাপ আর কুঁচে, 

ডুবে ডুবে ঝিনুক কুড়িয়ে

খোলসের স্তূপ দিয়েও না মিলে মুক্তোর দর্শন,

তাহলে কি নিক্ষেপ হলো না অমূল্য সময়ে শড়কি?

 

অথচ তোমরাই মাথা ঝাঁকিয়ে আউড়িয়ে থাকো—

আছাড় বিনে কি শিখে কেউ হাঁটা, জলে না নেমে সাঁতার?

না পড়লে কি শেখা হয় দ্বিচক্রযান?

 

কোন দিকে পা বাড়াই, একদিকে ফণাতোলা বারোটা পাইথন,

অন্যদিকে মুড়ি ধরে আছে বাঘে—দু’পাশে দেয়াল;

অথচ পৌঁছুতেই হবে সুবর্ণরেখায় গুঁড়িয়ে সকল ভয়!