কবে শেষ হবে ড্রেন নির্মাণের কাজ?

আপডেট : ০৯ মে ২০২১, ২১:৪২

কুমিল্লা মহানগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। সুষ্ঠু পানি নিষ্কাশনের অভাবে প্রতি বছর বর্ষায় নগরীর বহুস্থান পানিতে তলিয়ে যায়। এ সমস্যা সমাধানে জাপানি উন্নয়ন সংস্থা (জাইকা)-র অর্থায়নে ২৭টি ওয়ার্ডে সিটি করপোরেশেনের পক্ষ থেকে ২০১৬ সালে ড্রেন নির্মাণের মহাপরিকল্পনা নেওয়া হয়। মাইলের পর মাইল বক্সড্রেন নির্মাণও হয়েছে। কিন্তু জলাবদ্ধতার দুর্ভোগ থেকে নগরবাসীর মুক্তি মেলেনি। কারণ এখনো শেষ হয়নি বেশ কিছু স্থানে ড্রেন নির্মাণ। মূল প্রকল্পের মেয়াদ শেষে দ্বিতীয় দফার মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মার্চ। তবে এখনো কোটবাড়ি বিশ্বরোড, নন্দনপুর, চাঙ্গীনি হয়ে পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) পর্যন্ত নির্মিত ড্রেনের কাজ বাকি আছে। কোথাও রয়েছে সড়ক ঘেঁষে বাড়ি বা মসজিদের সীমানা প্রাচীর। এ অবস্থায় প্রকল্পের মেয়াদও শেষ। আসছে বৃষ্টির মৌসুম। নির্মাণ অসমাপ্ত থাকায় পানি নিষ্কাশনে কাজে আসবে না ড্রেনগুলো। এছাড়াও রেসকোর্স, বাদশামিয়া বাজার, শাসনগাছা এলাকায় অসমাপ্ত ড্রেন, তালপুকুর (পূর্ব পাড়), অশোকতলা, বাগিচাগাঁও এলাকায় ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, মাটি ভরাট হয়ে যাওয়া, আবার ঠাকুরপাড়া, রামমালা, নজরুল অ্যাভেনিউ ও কান্দিরপাড়সহ কোথাও কোথাও অসচেতন নগরবাসী ময়লা ফেলায় ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে কোনো কাজেই আসছে না সেগুলো। কবে নাগাদ ড্রেনগুলো নির্মাণ বা সংস্কার করা হবে তারও কোনো নিশ্চয়তা নেই।  বিষয়টি দ্রুত সমাধানের মাধ্যমে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তিদানে নগর পিতার কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০