চট্টগ্রাম অফিস
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার চট্টগ্রাম চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যদের ২৪টি পদের নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে সমসংখ্যক পদের প্রার্থীর বাইরে অন্য কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। ফলে চট্টগ্রাম চেম্বারের পরিচালনা পর্ষদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। আগামী ১০ জুন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের পূর্বঘোষিত তারিখ রয়েছে। জানা যায়, গত কয়েক দিন ধরে আলাপ-আলোচনার পরিপ্রেক্ষিতে সমঝোতার ভিত্তিতে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। চট্টগ্রাম চেম্বারের প্রার্থিতা মনোনয়নের ক্ষেত্রে মূলত উক্ত চেম্বারের সাবেক সভাপতি এম এ লতিফ এমপি মূল ভূমিকা পালন করে থাকেন। চট্টগ্রাম চেম্বারের ভোটারদের মধ্যে তার ব্যাপক প্রভাব থাকার কারণে চেম্বারের পরিচালনা পর্ষদে তার মতামতের প্রাধান্য থাকে বলে সংশ্লিষ্টরা জানান।
গতকাল যে ২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে বর্তমান সভাপতি মাহবুবুল আলমও রয়েছেন। তিনি ইতিমধ্যে চার বার সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি ৫ম বারের মতো চট্টগ্রাম চেম্বারের সভাপতি হচ্ছেন বলে ব্যাপক আলোচনা চলছে। কারণ তিনি এম এ লতিফ এমপিসহ সংশ্লিষ্টদের আস্থাভাজন হিসেবে পরিচিত। এ ব্যাপারে মাহবুবুল আলমের মতামত জানতে চাইলে তিনি বলেন, দোয়া করেন।
চট্টগ্রাম চেম্বারে গতকাল যে ২৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন—অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অঞ্জন শেখর দাশ, বেনজির চৌধুরী নিশান, হাসনাত মো. আবু ওবাইদা, ইফতেখার হোসেন, মো. শাহরিয়ার জাহান, নাজমুল করিম চৌধুরী শারুন, এস এম তাসিন জুনায়েদ, সালমান হাবিব, শাহজাদা ফয়জুল আলিপ খান, সাজির আহমেদ, তরফদার মো. রুহুল আমিন, এ কে এম আকতার হোসেন, জহিরুল ইসলাম চৌধুরী, মাহবুবুল আলম, মো. রকিবুর রহমান, সাকিফ আহমেদ সালাম, তানভির মোস্তফা চৌধুরী, মো. ইফতেখার ফয়সাল, মো. আদনানুল ইসলাম, মো. নাসিরুল আলম, মো. সিরাজুল ইসলাম, মো. ওমর ফারুক, সৈয়দ মো. তানভির।
