তিন দিন পর ফের অর্ধশত ছাড়াল মৃত্যু

আপডেট : ০৯ মে ২০২১, ২২:৪৬

দেশে করোনা ভাইরাসে গত এক দিনে আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যু পঞ্চাশের নিচে নেমে তিন দিন পর আবার তা অর্ধশত ছাড়িয়ে গেল। আগের দিনও ৪৫ জনের মৃত্যু হয়েছিল। দেশে করোনা ভাইরাসে এ পর্যন্ত মোট ১১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে নতুন করে ১ হাজার ৩৮৬ জন রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ৫১৩ হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩ হাজার ৩২৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৭ লাখ ১০ হাজার                 ১৬২ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৫৪টি ল্যাবে ১৬ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ৩০ হাজার ৮৯৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৯ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৩৫ হাজার ৩৬২টি; বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ লাখ ৯৫ হাজার ৫৩২টি। গত এক দিনে যারা মারা গেছেন তাদের ৩৮ জন পুরুষ আর নারী ১৮ জন। তাদের ৩৬ জন সরকারি হাসপাতালে, ১৫ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন পাঁচ জন। তাদের মধ্যে ৩০ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, তিন জনের বয়স ৩১ থেকে ৪০ বছর এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ২২ জন ঢাকা বিভাগের, ২১ জন চট্টগ্রাম বিভাগের, তিন জন রাজশাহী বিভাগের, চার জন খুলনা বিভাগের, দুই জন বরিশাল বিভাগের, এক জন সিলেট বিভাগের, দুই জন রংপুর বিভাগের এবং এক জন ময়মনসিংহ বিভাগের। এ পর্যন্ত মৃত ১১ হাজার ৯৩৪ জনের মধ্যে ৮ হাজার ৬৫৩ জন পুরুষ এবং ৩ হাজার ২৮১ জন নারী।