ঘোষিত মুদ্রানীতি পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখবে

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪২

ঘোষিত মুদ্রানীতি দেশের পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বাংলাদেশ ব্যাংক অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করেছে গতকাল। ঘোষিত মুদ্রানীতিতে করপোরেট খাতের অত্যধিক ব্যাংক নির্ভরতা কমিয়ে মেয়াদি অর্থায়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে মূলধন বাজারে বন্ড ইস্যু করে অর্থায়নে গতি আসবে। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের মেয়াদি অর্থায়ন আহরণের বিকল্প বিধিব্যবস্থার প্রতি গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই বিষয়টিকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ লি.। এক প্রেস বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের মূলধন বাজারের সূচকের গতিধারা এখন আন্তর্জাতিক বাজারের গতিধারার সঙ্গে বহুলাংশে সামঞ্জস্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যা মূলধন বাজারে বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ অন্তঃপ্রবাহ বৃদ্ধি করবে। ফলে মূলধন বাজারের গতিশীলতা বৃদ্ধি করবে। ঘোষিত মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের এই আশাবাদের সঙ্গে ডিএসই একমত পোষণ করে। ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের প্রতি বাংলাদেশ ব্যাংকের এই সমর্থন পুঁজিবাজারের সমপ্রসারণ তথা সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হয়েছে।

পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে সারা বিশ্বে নীতি-সমর্থন এবং প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের যে বলিষ্ঠ ভূমিকা থাকে, ঘোষিত মুদ্রানীতিতে পুঁজিবাজারের জন্য বাংলাদেশ ব্যাংকের সে ধরনের ভূমিকাই রয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশ্বাস করে। এই মুদ্রানীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারকে প্রাধান্য দেওয়ার জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ বাংলাদেশ ব্যাংককে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে।