বদমেজাজি শিশুর চিকিত্সায় গাঁজার বিস্কুট!

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৪৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চার বছরের একটি শিশুকে চিকিত্সার অংশ হিসেবে গাঁজা দিয়ে তৈরি বিস্কুট খাওয়াতে বলেছেন একজন চিকিত্সক। আর এমন প্রেসক্রিপশন লিখে এখন তার ডাক্তারি নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে। ডাক্তারি লাইসেন্স থাকবে কি থাকবে না তা নিয়ে এখন তাকে লড়াই করতে হচ্ছে।

২০১২ সালে শিশুটির বাবা ডা. উইলিয়াম এইডেলম্যানের কাছে তাকে নিয়ে গিয়েছিলেন। শিশুটি স্কুলে খুব বদমেজাজি আচরণ করছিল। ডা. এইডেলম্যান রোগ নির্ণয় করে বলেন, শিশুটির ‘বাইপোলার ডিসঅর্ডার’ এবং এডিএইচডি রয়েছে। এই দুটিই গুরুতর মানসিক রোগ।  এইডেলম্যান তার চিকিত্সায় বলেছেন, অল্প মাত্রায় গাঁজা শিশুটির বদমেজাজ নিয়ন্ত্রণ করবে। কিন্তু বিপত্তিটা ঘটলো যখন স্কুলের নার্সকে দুপুরের খাবার সময় শিশুটিকে গাঁজা দিয়ে তৈরি বিস্কুট খেতে দেওয়ার জন্য বলা হল। শিশুটির বাবাও ছোটবেলায় একই মানসিক সমস্যায় ভুগেছেন।

তিনি বলেছেন, বড় হওয়ার পর যখন গাঁজা সেবন শুরু করেন তখন অনেক সুস্থির বোধ করেছেন তিনি। বিশ্বব্যাপী এখন অনেক দেশেই চিকিত্সায় গাঁজার ব্যবহার বৈধ করা হচ্ছে। গাঁজা সেবন করার পর মানুষজনের প্রতি তার আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে বলে জানান তিনি। এই বাবার দাবি তার দুই ছেলের উপরেও গাঁজা একই ধরনের ইতিবাচক প্রভাব রেখেছে।

এইডেলম্যানের চিকিত্সা নিয়ে ক্যালিফোর্নিয়াতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ওই বোর্ড বলছে, শিশুটির রোগ নির্ণয়ে ভুল করেছেন এই চিকিত্সক। শিশুটিকে গাঁজা দেওয়ার জন্য নয়, তবে ভুল রোগ নির্ণয়ের জন্য তার ডাক্তারি লাইসেন্স বাতিল করার সুপারিশ করে বোর্ড। এইডেলম্যান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। তার আইনজীবী বলছেন, সাময়িকভাবে লাইসেন্স বাতিলের বিষয়টি ঠেকাতে পেরেছেন এইডেলম্যান। এখন নতুন করে শুনানি হবে।