রাত ১২টা পর্যন্ত খোলা মার্কেট স্বাস্থ্যবিধি উপেক্ষিত
সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা
সিলেটে ঈদবাজারে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। নগরীর শপিংমলগুলো খোলা থাকছে রাত ১২টা পর্যন্ত। সব স্থানেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত। ব্যবসায়ীরা বলেন, গত ঈদেও তারা ব্যবসা করতে পারেননি। এই ঈদে লোকসান কমাতে সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখছেন। তারা জানান, এবারও দেশে ফিরতে ইচ্ছুক অধিকাংশ প্রবাসী আসতে পারেননি। তাই বিকিকিনি সেভাবে হচ্ছে না।
সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের স্বাস্থ্যবিধির ওপর গুরুত্বারোপ করে সবাইকে এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে সিলেট বিভাগে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪২ জন। যার মধ্যে ২৭ জনই সিলেট জেলার বাসিন্দা। বিভাগে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২১ হাজার ১১৯ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৫৯৯ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৯৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন।
