জামালরা হোটেলেই ঈদ করবেন
স্পোর্টস রিপোর্টার
কাতার বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হোম তিনটি ম্যাচ বাংলাদেশে না হয়ে হচ্ছে কাতারে। করোনা ভাইরাসের কারণে এমনটি করা হচ্ছে। কাতারের জন্য গতকাল হতে জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। খেলোয়াড়রা হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠতে শুরু করেছেন। আজ প্রিমিয়ার লিগের ফিরতি পর্বের খেলা আজকের পর স্থগিত থাকছে। ডাক পাওয়া খেলোয়াড়রা এরই মধ্যে ক্যাম্পে উঠে যাবেন। প্রাথমিক ক্যাম্পে ৩৩ ফুটবলার ডাকা হয়েছে। ঈদ করতে হবে ক্যাম্পেই। কাতারে যাওয়ার বিমানে উঠার কথা রয়েছে ২১ বা ২২ মে। তার আগে কাতার হতে সবুজ সংকেত আসতে হবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন কাতার যেতে হলে সেখানকার অনুমতি লাগবে। এখনো অনুমতি পাওয়া যায়নি। কাতার ভ্রমণে সে দেশ কিছু দেশের ওপর বিধিনিষেধ দিয়ে রেখেছে। একারণে ফুটবল দলের অনুমতি প্রয়োজন রয়েছে। বিশেষ করে ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন এবং শ্রীলঙ্কার যাত্রীদের কাতার ভ্রমণে ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়। বাফুফে চাইছে এই কোয়ারেন্টাইন যেন কমিয়ে আনা যায়। বাফুফে বলছে তারা কোয়ারেন্টাইন কমিয়ে আনার জন্য কাতার ফুটবল সংস্থার সঙ্গে কথা বলছেন। কাতার তার সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলে বাফুফেকে জানাবে। দোহায় গিয়ে কাতার ২০২২ বিশ্বকাপের বাছাইয়ে গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচের প্রথমটি ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ৭ জুন ভারতের বিপক্ষে, ১৫ জুন ওমানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই তিন দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কলকাতার সল্টলেকে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ।
কাতারে মূল ম্যাচের আগে বাফুফে চাইছে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে। সেখানকার শক্তিশালী দলের বিপক্ষে খেলার আগ্রহের কথা জানিয়েছে বাফুফে।
