বঙ্গভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দেওয়া হচ্ছে না কার স্বার্থে --- জি এম কাদের

আপডেট : ১০ মে ২০২১, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

ওষুধ প্রস্তুতকারী দেশীয় কোম্পানি গ্লোব বায়োটেকের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা ‘বঙ্গভ্যাক্স’-এর পরীক্ষামূলক প্রয়োগের (ক্লিনিক্যাল ট্রায়াল) অনুমতি কার স্বার্থে দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল এক ভিডিওবার্তায় এই প্রশ্ন তুলে জি এম কাদের বলেন, দেশের মানুষ জানতে চায় কার স্বার্থে চার মাস অতিবাহিত হলেও বঙ্গভ্যাক্সের ট্রায়াল হচ্ছে না। করোনা প্রতিরোধে বিদেশি টিকা আমদানির পাশাপাশি দেশে তৈরি টিকা বঙ্গভ্যাক্সের সফলতার জন্য সরকারিভাবে সহায়তা দিতে হবে।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের টিকাকে তালিকাভুক্ত করেছে। কিন্তু বিএমআরসি অজ্ঞাত কারণে ট্রায়ালের অনুমতি দিচ্ছে না। ভ্যাকসিনটির অ্যানিম্যাল ট্রায়ালে এক ডোজেই কার্যকর এন্টিবডি পাওয়া গেছে। ক্লিনিক্যাল ট্রায়ালেও অনুরূপ ফলাফলের আশা করছেন গবেষকরা। এক  ডোজের টিকা বঙ্গভ্যাক্স সিন্থেটিক্যালি তৈরি হওয়ায় তা ভাইরাসমুক্ত এবং শতভাগ হালাল। তাই বিদেশি টিকা আমদানির পাশাপাশি বঙ্গভ্যাক্স উত্পাদনে সরকারিভাবে সহায়তা করতে হবে।