খুলনায় দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তায় ৬০ হাজার মানুষ

আপডেট : ১০ মে ২০২১, ২২:৩৬

খুলনা জেলায় করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে বাকি রয়েছেন ৬০ হাজার মানুষ। বর্তমানে দ্বিতীয় ডোজের টিকার যে মজুত রয়েছে তা দিয়ে মাত্র দুই-তিন দিন চলবে। ফলে টিকা নেওয়ার অনিশ্চয়তায় রয়েছেন এই ৬০ হাজার মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, খুলনা মহানগরীসহ জেলায় ১ লাখ ৬৮ হাজার মানুষ প্রথম ডোজের টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন ১ লাখ ৮ হাজার মানুষ। এরপর টিকার সংকট দেখা দেয়। ফলে বাকি ৬০ হাজার মানুষ কবে টিকা নিতে পারবেন তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রথম ডোজের টিকা গ্রহণকারী নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা শেখ মাহবুবুর রহমান বলেন, ‘আমি প্রথম ডোজের টিকা নিয়েছি। এখন দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার অপেক্ষায়     আছি। এখন শুনছি দ্বিতীয় ডোজের টিকার সংকট সৃষ্টি হয়েছে। যদি দ্বিতীয় ডোজের টিকা না নিতে পারি তাহলে তো প্রথম ডোজের টিকায় কোনো কাজ হবে না’।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, বর্তমানে যে টিকা রয়েছে ঈদের পর তা মাত্র দুই-তিন দিন হতে পারে। নতুন করে টিকা না আসা পর্যন্ত আর কাউকে টিকা দেওয়া সম্ভব হবে না।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, খুলনা বিভাগে সাড়ে ৭ লাখ প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে ৫ লাখ। তিনি আরো বলেন, বর্তমানে খুলনা বিভাগে আড়াই লাখ দ্বিতীয় ডোজের টিকার সংকট রয়েছে। তবে দেশে দ্বিতীয় ডোজের টিকা এলে সারা দেশের মতো আমরাও টিকা পাব।