যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি জন্মদিনের পার্টিতে গুলি চালিয়ে ছয় জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। পরে সে আত্মহত্যা করে। নিহতদের মধ্যে তার বান্ধবীও আছেন। হামলার কারণ জানা যায়নি। খবর ডয়েচেভেলে ও আলজাজিরার
কলোরাডো স্প্রিংয়ে একটি মোবাইল হোমপার্কে রবিবার এক ব্যক্তির জন্মদিনের পার্টি ছিল। ঐ মোবাইল হোমপার্কে প্রায় ৫০টি বাড়ি আছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাতের দিকে পুলিশের কাছে প্রথম ফোন যায়। বলা হয়, ঐ মোবাইল হোমপার্কের একটি বাড়িতে গুলি চলছে। পুলিশ পৌঁছে ছয়টি দেহ উদ্ধার করে। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্টি চলাকালে বন্দুকধারী আকস্মিকভাবে নিজের বন্দুক বের করে প্রথমে তার বান্ধবীকে গুলি করে। তারপর অন্যদের দিকে গুলি ছুড়তে শুরু করে। ছয় জনকে মারার পরে বন্দুক নিজের দিকে ঘুরিয়ে ঐ ব্যক্তি নিজেকেও গুলি করে। ঘটনাস্থলে বেশ কিছু শিশু ছিল। ঐ ব্যক্তি শিশুদের ওপর আক্রমণ চালায়নি বলে জানা গেছে। কলোরাডোর গভর্নর এবং পুলিশ প্রধান ঘটনার তীব্র নিন্দা করেছেন। কিন্তু কেন ঐ ব্যক্তি গুলি চালাল তা এখনো স্পষ্ট নয়। পুলিশ ঐ ব্যক্তির পরিচয়ও এখনো জানায়নি। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
