গফরগাঁওয়ে পূর্বশক্রতার জের ধরে বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাস্টারকে (৬৭) কুপিয়ে জখম করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাস্টারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার রসুলপুর গ্রামের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ময়েজ উদ্দিন মাস্টার রসুলপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.)।
বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাস্টারের ছেলে স্কুলশিক্ষক শরিফুল ইসলাম সায়েম জানায়, গতকাল প্রতিবেশী রফিকুল ইসলাম ও রিপনের নেতৃত্বে ছয়-সাত জনের একদল সশস্ত্র লোক তাদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছিল। তার পিতা বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাস্টার ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়ে ঘটনাটি দেখতে পান। পরে বাঁধা দিতে গেলে রফিকুল ইসলাম ও রিপনের নেতৃত্বে সশস্ত্র লোকজন তার বৃদ্ধ পিতাকে রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে রেখে চলে যায়। এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে আমরা আমাদের পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। শরিফুল ইসলাম সায়েম জানান, জমির সীমানা নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলাম ও রিপনের সঙ্গে তাদের পরিবারের বিরোধ ছিল। গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, ঘটনাস্থলে থানাপুলিশ পাঠানো হয়েছে।
