করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশসহ চারটি দেশের ফ্লাইট স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির নাগরিক, কূটনৈতিক মিশন, সরকারি প্রতিনিধি, গোল্ডেন ভিসাধারী এবং ব্যবসায়ী ছাড়া সবার প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি। বাংলাদেশ ছাড়া বাকি তিন দেশ হলো—পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। কাল বুধবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে। এদিকে ভারত সংযুক্ত আরব আমিরাতের ভ্রমণ স্থগিতাদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবারও বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস দেশটির জাতীয় জরুরি অবস্থা সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনসিইএমএ) বরাত দিয়ে এ তথ্য জানায়।
সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারী ট্রানজিট ফ্লাইটগুলোও স্থগিত করা হয়েছে। তবে কার্গো ফ্লাইটগুলো চালু থাকবে বলে উল্লেখ করা হয়।
যারা আমিরাতে আসতে পারবেন সেসব যাত্রীদের ৪৮ ঘণ্টা আগের আরটিপিসিআর পরীক্ষায় নেগেটিভ সনদ দেখাতে হবে। সংযুক্ত আরব আমিরাত আসার পরে তাদের অবশ্যই একটি পিসিআর পরীক্ষা করতে হবে। এছাড়াও প্রবেশের চার ও আট দিন পর করোনা পরীক্ষার পাশাপাশি আমিরাতে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
