অসহায় রোজাদারদের পাশে একদল তরুণ

আপডেট : ১১ মে ২০২১, ০০:৪০

ফুটপাতে নিরাপদ দূরত্বে সারি করে রাখা ইফতারির প্যাকেট। সঙ্গে এক গ্লাস শরবত। গরিব, অসহায় রোজাদারদের ইফতারের জন্য এ ব্যবস্থা। কমলাপুর স্টেশনের সামনে গেলে ইফতারের এ ব্যবস্থা দেখে যে কেউ অবাক হবেন। তবে শুধু গরিব-অসহায় নয়, যে কেউ এখানে ইফতার করতে পারেন। একদল স্বপ্নবাজ তরুণ, যারা প্রতিদিন ভালো কাজের সন্ধান করে বেড়ান, তাদের সংগঠন ‘ভালো কাজের হোটেল’ এই ইফতারের আয়োজন করে থাকে। শুধু ফুটপাতের ওপরই নয়, পথচলতি রোজাদার, রিকশাচালকের হাতেও ইফতারির প্যাকেট তুলে দেওয়া হচ্ছে। ইফতারি হিসেবে থাকছে : শরবত, খেজুর, তেহারি, ছোলা ইত্যাদি।

ইফতারের এ আয়োজন সম্পর্কে সংগঠনের সিনিয়র স্বেচ্ছাসেবক মো. আল আমিন সরকার গতকাল ইত্তেফাককে বলেন, ‘মূলত :আমাদের সংগঠন প্রতিদিন যারা একটি ভালো কাজ করে তাদের জন্য খাবারের আয়োজন করে। কিন্তু রোজার সময় আমরা ইফতারের আয়োজন করেছি।’ সংগঠনের অর্থ সংস্থান সম্পর্কে তিনি জানান, সংগঠনের ৯৫০ জন সদস্য প্রতিদিন ১০ টাকা করে চাঁদা দেন। আর এই টাকাতেই চলে সংগঠন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিদিন ১ হাজার রোজাদারকে তারা ইফতার করান।

আল আমিন বলেন, মানুষকে ভালো কাজে উত্সাহ দিতেই এই সংগঠনের যাত্রা। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘কেউ একজন এসে আমাদের জানালেন, তিনি একজন অন্ধ মানুষকে রাস্তা পার হতে সাহায্য করেছেন, কিংবা কারো ভারী ব্যাগটা এগিয়ে দিয়েছেন। তাহলেই তিনি আমাদের কাছ থেকে খাবার পাবেন। আসলে আমরা ভালো কাজের মাধ্যমে সমাজটাকে বদলাতে চাই।’ ২০০৯ সালে আরিফুর রহমানসহ বেশ কয়েক জন বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।