পেপ গার্দিওলা জানিয়েছেন নিউক্যাসলের কাছে ম্যানচেষ্টার সিটির হারের পরও তিনি এখনই শিরোপা রক্ষার আশা ছাড়ছেন না। যদিও লিভারপুল গতকাল রাতে লেস্টারসিটির সাথে জিতলেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে আরো এগিয়ে যাবে।
নিউক্যাসল গত মঙ্গলবার রাতে পিছিয়ে পড়েও নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেষ্টার সিটিকে। একই রাতে দুর্দশায় পড়েছিল তাদের পড়শি ম্যানচেষ্টার ইউনাইটেডও। কিন্তু শেষ তিন মিনিটের দুই গোলে দলটি বার্নলির বিরুদ্ধে ২-২ গোলের ড্রয়ে হার এড়ায়। এতে করে অবশ্য ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ ওলে গুনার সোলসকারের টানা ছয় জয়ের রথটি থেমে গেল। ম্যানচেষ্টারের দল দুটির দুর্দশার দিনে অবশ্য জয় পেয়েছে চতুর্থ স্থানের লড়াইয়ে থাকা আর্সেনাল। সন্দেহ নেই হারটি সিটির শিরোপা রক্ষার আশা কঠিন করে দিয়েছে। সিটি কোচ গার্দিওলাও মানচেন লিভারপুল জিতলে দুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়া শিরোপা লড়াইয়ে কোচ য়ুর্গেন ক্লপের দল সাত পয়েন্টে এগিয়ে থাকবে। অথচ এটা ছিল স্প্যানিশ কোচটির ১০০তম লিগ ম্যাচ। সার্জিও অ্যাগুয়েরো ২৪তম সেকেন্ডে চলতি মৌসুমের দ্রুততম সময়ের লিগ গোলে সিটিকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু সাবেক লিভারপুল কোচ রাফা বেনিতেজের দল ৬০ ও ৮৮ মিনিটে দুই গোল দিয়ে জয় তুলে নেয়। পরেরটি ছিল পেনাল্টিতে পাওয়া। এরপরও গার্দিওলার ভরসা এখনো তিনমাসের মতো খেলা আছে প্রিমিয়ার লিগে। তাই তিনি বলছেন ২৯ বছর পর আবার লিভারপুলের লিগ শিরোপা জয়ের পথে অনেক উত্থান-পতন আছে।
সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ বলেন,‘আমরা এখনো জানুয়ারিতেই আছি। এখনো অনেক সময় আছে পড়ে। তবে অবশ্যই আপনি যখন শীর্ষ দলের চাইতে পিছিয়ে থাকবেন, এরকম সময়ে পয়েন্ট খোয়াতে চাইবেন না। এছাড়া প্রতিটি খেলা মানেই একটি কম। যদিও এখনো অনেক খেলা আছে সামনে।’ তিনি আরো বলেন,‘সাত পয়েন্টের অগ্রগামিতা অনেক। কিন্তু আমরা এপ্রিল কিংবা মে মাসে আসিনি এখনো। এখনো অনেকগুলো খেলা বাকি এবং যে কোনো কিছুই ঘটতে পারে। এই লিগে টিকে থাকা কিংবা ইউরোপা অথবা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে চাওয়া ক্লাবগুলোর সাথে সামনে অনেক কঠিন খেলায় অংশ নিতে হবে।’ এই পরিস্থিতিতে গার্দিওলার প্রত্যয়ী মনোভাব হলো,‘আমরা চেষ্টা করবো লক্ষ্য অর্জনে নিজেদের সর্বোচ্চটা দিতে। এজন্য হাল ছাড়া যাবে না।’
হোসে মরিনহোকে বরখাস্তের পর কোচের দায়িত্ব নেয়া সোলসার টানা ছয় খেলায় জিতিয়েছিলেন। কিন্তু সর্বশেষ খেলাটিতে তার দল ২-০ গোলে পিছিয়ে পড়ার পর ড্রয়ে রক্ষা পায়। পল পগবা ৮৭ মিনিটে পেনাল্টি মেরে এবং যোগ হওয়া সময়ে ভিক্টর লিন্ডেলফ গোল করে ইউনাইটেডকে হার থেকে বাঁচান।
নরওয়ের এই কোচ ইউনাইটেডের দায়িত্ব নেয়ার পর বার্নলিকে মোকাবেলার আগে আট খেলায় জিতেছিল। কিন্তু এই ড্রয়ের ফলে দলটি চতুর্থ স্থানে থাকা চেলসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ খোয়ালো। কোচ সোলসার বলেন,‘প্রত্যাবর্তনটা দুর্দান্ত। খেলোয়াড়দের বলা হয়েছিল ১-০ কিংবা ২-০-তে হারলে তারা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। যদিও আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। অনেক বেশি বল পায়ে ছিল। কাজেই হারটা আমাদের প্রাপ্য ছিল না।’ -সুপারস্পোর্ট।
