প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় কাতার। যদিও শিরোপা লড়াইয়ে তাদের বিপক্ষ রেকর্ড চারবারের জয়ী ও এশিয়ার অন্যতম শক্তি জাপান। আগামীকাল আবুধাবিতে অনুষ্ঠিত হবে এ ফাইনাল।
কাতার গত মঙ্গলবার স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে সেমিফাইনালে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ার সর্বোচ্চ ফুটবল আসরটির ফাইনালে ওঠে। সাম্প্রতিক সময়ে দুইদেশের মধ্যে রাজনৈতিক বিরোধ চলছে। তার প্রভাব ছিল খেলাটিতেও। যে কারণে এ খেলায় কাতারের জাতীয় সংগীত চলাকালে স্বাগতিক সমর্থকরা দুয়োধ্বনি দেয়। খেলা চলাকালে কাতারি খেলোয়াড়দের লক্ষ্য করে জুতা মারা হয়। সর্বোপরি মাঠে কাতারের সমর্থকদের ঢুকতে দেওয়া হয়নি।
স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজের অধীনে কাতার ফুটবল দল তার মধ্যেই অনায়াসে হারায় স্বাগতিকদের। ইতোমধ্যে দলটির স্ট্রাইকার আলমোয়েজ আলি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন। এশিয়া কাপে ২৩ বছরের মধ্যে আট গোল করা প্রথম খেলোয়াড় তিনি। এখন তিনি যদি গোলদক্ষতা অব্যাহত রাখতে পারেন, তাহলে প্রথম শিরোপা তুলে নেওয়ার কথাও ভাবতে পারে ২০২২ বিশ্বকাপের স্বাগতিক কাতার।
আসন্ন ফাইনালে বিপক্ষ অনেক শক্তিশালী হলেও কাতার অনেক আত্মবিশ্বাসী। কারণ এবারের আসরে তারা ছয় খেলায় কোনো গোল হজম করেনি। অনেকের কাছে কাতারের ফাইনালে ওঠা বিস্ময় জাগানিয়া হলেও বাস্তবতা হলো কোচ ফেলিক্সের অধীনে কঠোর পরিশ্রম করেছে তারা। এছাড়াও ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ জয় এবং গত বছর চীনে তৃতীয় হয়েছিল কাতার।
চারবারের এশিয়ান কাপ জয়ী জাপান ফাইনালে ওঠার পথে গত সোমবার শেষ চারে হারায় ইরানকে। এই হারের কারণে দলটির আট বছরের কোচ পর্তুগীজ কার্লোস কুইরোজ ইতোমধ্যে পদত্যাগও করেছেন। বুন্দেশলিগার ক্লাব ওয়ের্ডার ব্রেমানের ফরোয়ার্ড ইউইয়া ওসাকার জোড়া গোলে জাপান ৩-০ গোলে হারায় ফেবারিট ইরানকে। এখন তাদের লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা ও এশিয়ার সেরা দল হিসেবে ফিফার কনফেডারেশন্স কাপে খেলার যোগ্যতা অর্জন।
শেষ পর্যন্ত যে দেশই জিতুক, তা হবে রেকর্ডের মধ্য দিয়ে। কারণ জাপান জিতলে তা হবে পঞ্চম শিরোপা। যে নজির আগে কেউ গড়তে পারেনি। আবার কাতার জিতলে তাও হবে রেকর্ড। কারণ এটা হবে তাদের প্রথম শিরোপা।
এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে তারা কাতার ও আমিরাতের খেলায় মাঠে জুতা মারার বিষয়টি তদন্ত করবে।
