সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি নুর হোসাইন নুরানী বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
গত ৯ মে কাজী আল জাহিদ নামের এক ব্যক্তি বাদি হয়ে নুর হোসাইনের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়েছে, গত ৭ মে বাদি জাহিদ তার মোবাইল ফোনে একটি ইউটিউট চ্যানেলে ভিডিও দেখেন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে নানা ধরণের বক্তব্য দেন মুফতি নুর হোসাইন।
এ ছাড়া একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায়-নুর হেফাজতের শীর্ষ নেতা আল্লামা বাবু নগরীকে বাংলাদেশের রুহানি রাষ্ট্রপতি বলে দাবি করে বক্তব্য দেন। বলেন, বাবু নগরীরের আঙ্গুল হেলানিতে দেশ চলবে। ন্যাশনাল ফতুয়া বোর্ড গঠন করা হবে। এই বোর্ড যা রায় দেবে তাই কার্যকর করা হবে। পৃথক একটি ভিডিওতে শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আগামী দিনের জন্য প্রস্তুত হও। ওয়ার্ড কমিশনার, মেয়র, এমপি, মন্ত্রী, সচিব, পুলিশ অফিসার হবে আল্লাহ ওয়ালারা। তবেই হবে বাংলাদেশের আসল স্বাধীনতা।’
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার এনামুল হক মিঠু বলেন, নুর হোসাইন ইতোমধ্যে মুন্সিগঞ্জে একটি মামলায় গ্রেফতার হয়েছেন। পল্টন থানার মামলাটি ডিবিতে স্থানান্তর করা হবে বলে জানান তিনি।
ইত্তেফাক/ইউবি
