স্পোর্টস রিপোর্টার
আরামবাগের কাছে হেরে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আরামবাগ ৩-১ গোলে শেখ জামালকে হারিয়েছে। কেউ বিশ্বাস করতে পারছে না। ১৫ ম্যাচে শেখ জামালের প্রথম হার। ১৬ ম্যাচে আরামবাগের প্রথম জয়। শেখ জামাল এত খারাপ খেলল কীভাবে জানতে ফোন দেওয়া হয়েছিল জামালের কোচ শফিকুল ইসলাম মানিককে। তিনি ফোন ধরেননি। ম্যাচ নিয়ে নানা গুঞ্জন উড়ছে ফুটবল অঙ্গনে। আরামবাগ রেলিগেশন হতে বাঁচার লড়াই করছে।
১৫ ম্যাচ অপরাজিত থাকা শেখ জামাল দুর্বল আরামবাগের কাছে হেরে যাওয়াটা কেমন যেন অস্বস্তি দিচ্ছে মাঠে অপেক্ষায় থাকা অন্যান্য ক্লাব কোচ, খেলোয়াড় কর্মকর্তাদের। তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রশ্ন উঠছে হঠাত্ আরামবাগের সুপারসনিক শক্তি এসে গেল যে, শেখ জামালকে উড়িয়েই দিল। শেখ জামালের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ। এই গ্রুপের কাছ থেকে পৃষ্ঠপোষকতা পেয়ে এগিয়ে যাচ্ছে আরামবাগ। ক্লাবটির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বললেন, ‘ওদের (বসুন্ধরা গ্রুপ) টাকা দিয়েই তো আমাদের চলতে হয়। ইমরুল ভাই আমাদেরকে সহযোগিতা করেন।’ তিনি বলেন, ‘খুব ভালো ম্যাচ খেলেছি আমরা।
ম্যাচের ১৫ মিনিটে ওমর জোবের গোলে (১-০) এগিয়ে যাওয়া শেখ জামাল যেন মুদ্রার ওপিট দেখল। প্রথমার্ধের শেষ ক্ষণে উজবেক ফরোয়ার্ড আবদুকাদিরভ সমতা আনেন ১-১। দ্বিতীয়ার্ধে আরো অসহায়ের মতো দুই গোল হজম করে শেখ জামাল। ৫৪ মিনিটে ওমর ফারুক ২-১ এবং ৫৬ মিনিটে জামান উচ্ছ্বাস গোল করেন (৩-১)।
