ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্মরণে আন্তর্জাতিক নার্স দিবস আজ

আপডেট : ১১ মে ২০২১, ২১:৫৮

বিশেষ প্রতিনিধি

আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ১৯৭৪ সাল থেকে এ দিবসটি পালন করে আসছে। আধুনিক নার্সিংয়ের জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন ১২ মে। তাই এই দিনটিকে পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘নার্স : এগিয়ে যাবার প্রত্যয়ে ভবিষ্যত্ স্বাস্থ্য খাতে একটি দর্শন’। ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ বলে খ্যাত ফ্লোরেন্স নাইটিঙ্গেল ১৮২০ সালের এই দিন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। নার্সিং পেশাকে আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিত্সাসেবার অপরিহার্য পেশায় উন্নীত করেন তিনি।

ক্রিমিয়ার যুদ্ধের সময় তিনি ছিলেন হেড নার্স। ইংরেজ-তুর্কি নির্বিশেষে দুই দেশের আহত মুমূর্ষু সৈন্যদেরই দিনরাত ধরে প্রাণ ঢেলে সেবা করেন তিনি। গভীর রাতে হাসপাতালের করিডরে রোগীদের প্রয়োজন দেখতে হাতে মোমবাতি নিয়ে তিনি হেঁটে বেড়াতেন। তাই এখনো মানুষ স্মরণে রেখেছেন লেডি উইথ দ্য ল্যাম্পকে। তিনি ১৮৬০ সালে  লন্ডনে বিশ্বের প্রথম বিজ্ঞানসম্মতভাবে তৈরি করেন ‘নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং’।

১৯৬৫ সালের ১২ মার্চ ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস প্রথমবার পালন করে আন্তর্জাতিক নার্স দিবস। তারপর থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে এই দিনটি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালিক এমপি আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে সব নার্সিং কর্মকর্তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়াও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার কোভিড-১৯ মোকাবিলায় নার্সদের অপরিসীম ভূমিকার কথা স্মরণ করে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে নার্সিং কর্মকর্তাদের  শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী নার্সিং কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়া স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) মহাসচিব মো. ইকবাল হোসেন সবুজ ও সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইসরাইল আলী সাদেক আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষ্যে নার্সদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।