বগুড়ায় শিক্ষার্থীরা শুনল মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০৬

১৯৭১ সালে বগুড়ার সাবগ্রামে মাইন বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দিয়ে পাক-বাহিনীর সাথে যুদ্ধের বর্ণনা দেন বগুড়ার মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ। আর বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থী মনোযোগ সহকারে মুক্তিযোদ্ধার কাছে সেদিনের ঘটনা শুনে শিহরিত হয়ে উঠে। বুধবার বগুড়া ‘কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ’ এর শিক্ষার্থীরা শুনলো মুক্তিযোদ্ধার কণ্ঠে রণাঙ্গনের বীরত্বগাঁথা।

বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার উদ্যোগে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচি ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ অনুষ্ঠানের অষ্টম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মেদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আল মামুন সরদার।