ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে দলের মধ্যে বিপাকে লিজ চেনি

আপডেট : ১১ মে ২০২১, ২২:৫২

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে বিপাকে পড়েছেন লিজ চেনি। তিনি সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মেয়ে। কিন্তু রিপাবলিকান পার্টির মধ্যে তিনি এখন কোণঠাসা হয়ে পড়ছেন। তাকে পার্টির হাউজ কনফারেন্সের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।—খবর সিএনএনের

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের কবজায় আটকা পড়েছে রিপাবলিকান পার্টি। এমনই ধারণা অনেকের। তার বিপক্ষে যারা কথা বলেছেন তারাই দলের মধ্যে ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছেন। সম্প্রতি মিট রমনিকেও বক্তৃতার সময় দুয়ো ধ্বনি দেওয়া হয়। তাকে পার্টি থেকে বহিষ্কারের দাবিও উঠেছিল। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ট্রাম্প দাবি করেছিলেন, ঐ নির্বাচনে কারচুপি করা হয়েছে এবং তার জয় বাইডেন ছিনতাই করেছেন। কিন্তু লিজ চেনি এসব দাবি স্বীকার করেননি। তিনি ট্রাম্পের দাবিকে বরং মিথ্যা বলে অভিহিত করেছিলেন এবং ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন। ক্যাপিটল হিলে দাঙ্গার জন্যও লিজ চেনি ট্রাম্পকে দায়ী করেছিলেন।

গত ফেব্রুয়ারিতেও লিজ চেনিকে হাউজ জিওপির কনফারেন্সের চেয়ারপারসনের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সেবার তিনি রক্ষা পেয়েছিলেন। এবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার আবার ভোট হওয়ার কথা। কিন্তু জিওপি ককাস তাকে সরিয়ে দেবে বলে আশা করা হচ্ছে। তার স্থলে নিউ ইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান এলিস স্টেফ্যানিককে বসানো হচ্ছে। ট্রাম্প তাকেই সমর্থন দিচ্ছেন।