সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার নাম আব্দুর রহিম ওরফে শেরপুরী (৩৫)। গত সোমবার রাতে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সিটিটিসির সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, সম্প্রতি সারা দেশে সহিংস কার্যক্রমে জড়িত হেফাজত ইসলামের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের পুলিশ রিমান্ডে নির্যাতনের মনগড়া, আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন, মানহানিকর ও ধর্মীয় উসকানিমূলক বক্তব্য ফেসবুক পেজ ও হলি টিভি২৪ ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেশের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছিল। এছাড়াও ঐ চ্যানেলে নানা মিথ্যা প্রোপাগান্ডাসহ রাষ্ট্রবিরোধী ও ধর্মবিরোধী বক্তব্য প্রচার করা হয়। ইউটিউব চ্যানেলের পরিচালনাকারী রানা মণ্ডল ও আব্দুর রহিমকে শনাক্ত করা হয়। গত ২৬ এপ্রিল গাইবান্ধ থেকে রানা মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার গ্রেফতার করা হয় আব্দুর রহিমকে।
