কুড়িগ্রামে প্রার্থী বাছাইয়ে ভোটের আগেই ভোট

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০৮

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে কুড়িগ্রামে ভোটের আগেই ভোট অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলার আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ব্যালট পেপার তৈরি করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই বাছাই করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে কুড়িগ্রাম পৌর মিলনায়তনে কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগের ৩’শ ৮জন ভোটারের মধ্যে ২৭৫ জন ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ১০৩ ভোট পেয়ে প্রথম স্থানে সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. জাফর আলী বলেন, উপজেলা চেয়ারম্যান পদের জন্য কেন্দ্র থেকে তৃণমূলের সিদ্ধান্ত অনুয়ায়ী সর্বোচ্চ ৩ জনের নাম চাওয়া হয়েছে।  সেই মোতাবেক কুড়িগ্রাম সদর উপজেলা ও পৌর কমিটি সিদ্ধান্ত নিতে না পারায় গণতান্ত্রিক পন্থায় প্রার্থী নির্বাচন করা হলো। নির্বাচনে বিজয়ীসহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীসহ তিনজনের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে।