লাকসামে আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:০৮

নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় তফসিলের তালিকায় লাকসাম উপজেলার নাম থাকায় ভোটারদের মাঝে উত্সাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকা দীর্ঘ থাকলেও তৃণমূলের সিদ্ধান্তে লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

নির্বাচন কমিশনের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় দফায় আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে লাকসাম উপজেলা পরিষদ নির্বাচন। গতকাল বুধবার লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। এতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগমকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।