আত্রাইয়ে নারী নির্যাতন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে আসামির স্বজনের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন আহত হয়েছে। মদনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই উপজেলা নারী ও শিশু নির্যাতন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপজেলার মদনডাঙ্গা গ্রামের সোহেল রানার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। বুধবার সকালে আসামিকে আটকের জন্য পুলিশ কনস্টেবল আজিজুল হককে সাথে নিয়ে মদনডাঙ্গা গ্রামে যান মনির উদ্দিন। সোহেলের বাড়ি থেকে তাকে আটক করা হলে সোহেলের মা ও দুই বোন সোহলেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এতে বাধা দেয়ায় সোহেলের মা ধারালো বটি দিয়ে মনির উদ্দিনের উপর হামলা করেন।
এ সময় মনির উদ্দিনের চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসেন। হামলায় মনির উদ্দিনের ডান বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে গুরতর জখম হয়। তাকে উদ্ধারে এগিয়ে আসা কনস্টেবল আজিজুল হকও আহত হন। আহত পুলিশ কর্মকর্তাসহ দুইজনকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বলেন, যৌতুকের মামলার আসামি ছিলেন সোহেল রানা। তাকে আটক করা হলেও তার স্বজনরা পুলিশের উপর হামলা করে। পরে থানা-পুলিশ গিয়ে আসামিসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল রানা। তার মা সূর্যভান, বোন নাজমা খাতুন ও পাখি। সরকারি কাজে বাধা প্রদান করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
