ফেনীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:২৯

ফেনীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম বাবুল ওরফে কসাই বাবুল নামে এক ডাকাত নিহত হয়েছে। গত মঙ্গলবার ভোরে সদর উপজেলার ধর্মপুরে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে। বাবুল সদর উপজেলার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ফেনী সদর উপজলার ধর্মপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এমন সময় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে পুলিশও গুলি ছুড়ে। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম বাবুল নামে এক ডাকাতকে উদ্ধার করে। পরে তাকে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। ফেনী মডেল থানার পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, বাবুলের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।