সুরমা নদী থেকে মাদক বিক্রেতার লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৩০

ছাতকে সুরমা নদী থেকে সুজন মিয়া (৪৫) নামের এক মাদক বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ছাতক থানা সংলগ্ন খেয়াঘাট থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সুজন মিয়া শহরের তাতিকোনা এলাকার মৃত গনি মিয়ার পুত্র ও একজন মাদক বিক্রেতা।

স্থানীয়রা জানান, শনিবার রাতে থানা রোড সংলগ্ন সুরমা নদীর তীরে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে মাদক বিক্রেতা সুজন মিয়া আত্মরক্ষার্থে সুরমা নদীর পানিতে ঝাঁপ দেয়। রবিবার ও সোমবার ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’দফা তল্লাশি চালিয়ে তার কোনো সন্ধান করতে পারেনি। মঙ্গলবার সন্ধ্যায় ইছাকলস খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। ছাতক থানার ওসি আতিকুর রহমান লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, সুজন মিয়া একজন মাদকসেবী ও বিক্রেতা ছিল।