রাজধানীতে যুবলীগ নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

আপডেট : ১৬ মে ২০২১, ০৬:৩৬

রাজধানীতে পূর্বশত্রুতার জেরে গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগ নেতা সাইফুল ইসলাম (৩৫)। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৫ মে) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবলীগ নেতা সাইফুল ইসলাম খিলগাঁও ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

সাইফুল ইসলামের স্ত্রী সুমি জানান, বাসার কাছে খিলগাঁও রেলগেট এলাকায় সুমন, রিপন, রাসেল, অনিক ও কচিসহ ১০ জনের সঙ্গে কথা কাটকাটি হয় সাইফুলের। এক পর্যায়ে রিপন নামে একজন তার পেট-বুকে তিনটি গুলি করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি।

তিনি আরও বলেন, কী কারণে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ বিষয়ে আমি বলতে পারব না।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান জানিয়েছেন, খিলগাঁও থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাইফুল ইসলাম নামে একজন এসেছেন। আমরা জানতে পেরেছি তিনি খিলগাঁও ২ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। পূর্বশত্রুতার জেরে সাইফুলকে গুলি করে রিপন। তার বুকের ডানপাশে একটি, পেটের বামপাশে একটিসহ মোট তিনটি গুলি লাগে। তার অবস্থা আশঙ্কাজনক।

ইত্তেফাক/জেডএইচডি