ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই তিনজন গ্রেফতার

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৩৯

রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ) পরিচয়ে দশ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজন গ্রেফতার হয়েছে। সূত্রাপুর থানা পুলিশ সোমবার ও মঙ্গলবার পুরনো ঢাকার লালকুঠি শ্যামবাজারের সিটি করপোরেশন মার্কেট নিউ মহানগর আড়ত-এর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো রুবেল, জুয়েল আহম্মেদ ও হান্নান ওরফে হান্নু। পুলিশ এ সময় তাদের হেফাজত হতে লুণ্ঠন হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে।

সূত্রাপুর থানা পুলিশ জানায়, গত ১১ ডিসেম্বর মামলার বাদী জমি বিক্রির ১০ লক্ষ টাকা নিয়ে সূত্রাপুরের লালকুঠির বোরাক লঞ্চে ওঠেন। ওইদিন বেলা সাড়ে তিনটার দিকে সূত্রাপুর থানার লালকুঠি শ্যামবাজার ৫/৬ সিটি করপোরেশন মার্কেট নিউ মহানগর আড়ত-এর সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ওই দিনই সূত্রাপুর থানায় মামলা হয়। পুলিশ মামলাটির তদন্তকালে আশপাশের ১৬টি সিসি টিভির ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত পূর্বক ছবি সংগ্রহ করে। পরবর্তী সময়ে তথ্য প্রযুক্তির সহায়তায় গত সোমবার রুবেলকে এবং মঙ্গলবার জুয়েল আহম্মেদ ও হান্নান ওরফে হান্নুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জুয়েল ও হান্নান গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অপরদিকে গ্রেফতারকৃত রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে বাদীর লুণ্ঠিত অবশিষ্ট টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।