স্পোর্টস রিপোর্টার
শ্রীলঙ্কার নির্বাচকরা বার্তাটা আগেই দিয়েছিলেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ভাবনায় সিনিয়রদের ছেঁটে ফেলে তারুণ্যে ঠাসা একটা দল পাঠাবেন বাংলাদেশ সফরে। কথার সঙ্গে কাজের মিল রেখেছেন তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য শ্রীলঙ্কার ঘোষিত দলে নেই পরিচিত কিছু মুখ। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস, দিমুথ করুনারত্নে, সুরঙ্গা লাকমল, দিনেশ চান্দিমালরা নেই বাংলাদেশ সফরের শ্রীলঙ্কার ১৮ সদস্যের দলে। আর সুযোগ পাবেন না জেনে কিছু দিন অবসর নিয়ে ফেলেন অভিজ্ঞ অলরাউন্ডার থিসারা পেরেরা।
কুশল পেরেরার নেতৃত্বে তারুণ্যের লঙ্কা দল গতকাল সকাল ৮টার পরপরই ঢাকায় এসে পৌঁছেছে। বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁওয়ে গিয়ে উঠেছে তারা। এখানেই আগামী তিন দিন কোয়ারেন্টাইনে থাকবে সফরকারী দল। করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ১৮ মে অনুশীলনে নামবে লঙ্কানরা।
করোনাকাল বলেই সিরিজ হবে জৈব সুরক্ষা বলয়ের অধীনে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী তৈরি করা হয়েছে লঙ্কানদের জন্য কোয়ারেন্টাইনের নিয়ম।
ঢাকায় শ্রীলঙ্কা দলের জন্য কোয়ারেন্টাইনের নিয়ম সম্পর্কে গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশ দল শ্রীলঙ্কায় যে প্রোটোকলে ছিল আমরা সেরকম প্রোটোকলই তৈরি করেছি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে। প্রথম তিন দিনে একটা কঠোর কোয়ারেন্টাইন অনুসরণ করা হবে। অর্থাত্ খেলোয়াড়েরা তাদের হোটেল রুমে অবস্থান করবেন। বাইরে আসবেন না এই তিন দিন। আর এই তিন দিনের মধ্যেই দুটো টেস্ট হবে। আর চতুর্থ দিনের টেস্টের ভিত্তিতে অনুশীলনের অনুমতি মিলবে, নিজেদের মধ্যে অনুশীলন।’
বাংলাদেশ সফরে মোট চার বার করোনা পরীক্ষা হবে শ্রীলঙ্কানদের। বিসিবির প্রধান চিকিত্সক বলেছেন, ‘মোট চারটা পরীক্ষা হবে। শেষ পরীক্ষাটা করা হবে মূলত দেশ ছাড়ার আগে বিধিনিষেধ অনুসারে।’
সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে শেষ মুহূর্তের পরীক্ষায় নেগেটিভ হতে হবে সবাইকে। গতকাল দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘২০ ও ২১ তারিখ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দল আলাদা আলাদা প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২২ তারিখ একটা কোভিড পরীক্ষা হবে। ঐ পরীক্ষার ফলাফলের ওপর ২৩ তারিখ থেকে আমাদের ওয়ানডে সিরিজ শুরু হবে।’
এদিকে ঈদের ছুটি কাটিয়ে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশের ক্রিকেটাররা। ছুটিতে থাকলেও করোনা পরীক্ষার জন্য নমুনা দিচ্ছেন তামিম-মুশফিকরা। টানা কয়েকটি পরীক্ষায় নেগেটিভ আসলে অনুশীলনের অনুমতি পাবেন ক্রিকেটাররা। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক বলেছেন, ‘আমরা বাংলাদেশ দলের পরীক্ষা শুরু করেছি, গতকাল (শনিবার) প্রথম পরীক্ষা হয়েছে। আজকেও (গতকাল) হবে, আগামীকালও (আজ) হবে। ১৫, ১৬ ও ১৭ এই তিন দিনে দুই দফা পরীক্ষা হবে বাংলাদেশ দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। সে ফলাফলের ভিত্তিতে তারা ১৮ তারিখ অনুশীলন শুরু করবে।’
বাংলাদেশ সফরের
শ্রীলঙ্কা দল :
কুশল জেনিথ পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিকালাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, আকিলা ধনাঞ্জয়া, নিরোশান ডিকওয়েলা, দুশমন্থ চামিরা, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাকশান সান্দাকান, চামিকা করুনারাত্নে, বিনুরা ফার্নান্দো এবং শিরান ফার্নান্দো।
