বাংলা গানের ঐতিহ্যের ধারক কণ্ঠশিল্পী, সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আজাদ রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল রবিবার। এ উপলক্ষ্যে সন্ধ্যায় তার বাসায় দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, তার লেখা ও সুরে সেলিনা আজাদের গাওয়া চলচ্চিত্রের ‘মনেরও রঙে রাঙাবো’ গানটি অসম্ভব জনপ্রিয় হয় সত্তরের দশকে। আজাদ রহমানের সুর ও সংগীত পরিচালনায় ‘পুবের ঐ আকাশে সূর্য উঠেছে আলোকে আলোকময়’ ও ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ (কথা : নয়ীম গওহর) এবং ‘সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’ (কথা : ফজল-এ-খোদা)—এই গানগুলো ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের অসহযোগ আন্দোলনে সংগ্রামী গণমানুষকে অনুপ্রেরণা দিয়েছে। স্বাধীনতার পর তার গাওয়া ‘ভালোবাসার মূল্য কত আমি কিছু জানি না’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’, ‘করো মন ভক্তি মায়ে থাকতে হাতে দিন’ প্রভৃতি গান আমাদের চলচ্চিত্রের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। তার অনুকরণীয় কীর্তি বাংলা খেয়াল নিয়ে দুটি বই প্রকাশ করেছে বাংলা একাডেমি ১৯৯৯ সালে। দৈনিক ইত্তেফাকের সাহিত্য সাময়িকীতে তিনি লিখেছেন তার আত্মজৈবনিক ধারাবাহিক রচনা ‘আমার জীবন আমার সংগীত’।—প্রেস বিজ্ঞপ্তি
