ঈদে স্বজনদের সঙ্গে বাড়তি কথা বলার সুযোগ পেয়েছে বন্দিরা

আপডেট : ১৭ মে ২০২১, ০১:৩৮

নিয়মিত কথা বলার বাইরেও ঈদ উপলক্ষ্যে ফোনে স্বজনদের সঙ্গে বাড়তি কথা বলার সুযোগ পেয়েছিল দেশের কারাগারগুলোতে থাকা বন্দিরা। করোনা মহামারির কারণে বর্তমানে স্বজনদের সঙ্গে সামনাসামনি দেখা-সাক্ষাত্ বন্ধ রয়েছে। কেবল প্রতি সপ্তাহে একজন বন্দি মোবাইল ফোনে ১০ মিনিট কথা বলার সুযোগ পেয়ে থাকেন। তবে ঈদ উপলক্ষ্যে স্বজনদের সঙ্গে ১০ মিনিটের বাইরে আরো এক দিন তিন মিনিট কথা বলার সুযোগ পেয়েছিল বন্দিরা। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

ওয়ার্ডেই ঈদের নামাজ এবং বিশেষ খাবার : যেকোনো বিশেষ দিনে বন্দিদের জন্য ভালো খাবার সরবরাহ করে কারা অধিদপ্তর। এবারও ঈদুল ফিতর উপলক্ষ্যে বন্দিদের বিশেষ খাবার দেওয়া হয়েছে। কারাবন্দিরা নিজেদের ওয়ার্ডেই জামাতে ঈদের নামাজ আদায় করেন। এরপর সকালে পায়েস ও মুড়ি খেয়েছেন। ঈদের দিন দুপুরে বন্দিদের খাবারের তালিকায় ছিল পোলাও, মুরগি, গরুর মাংস, মিষ্টি, কোক ও সর্বশেষ পান সুপারি। রাতে ছিল উন্নত মানের খাবার ।