জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যার বিষয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ন্যক্কারজনক সাফাই গাইছে। ফিলিস্তিনে নিরীহ জনগণের ওপর ইসরাইলি হামলা ও গণহত্যা এবং ফিলিস্তিনের ভূমি দখল ও সম্প্রসারণ বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া তিনি ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামের প্রতি জাসদের সংহতি পুনর্ব্যক্ত করেন।
ফিলিস্তিনি নিরস্ত্র জনগণের ওপর ইসরাইলের নির্বিচার বোমা হামলা ও গণহত্যা এবং ফিলিস্তিনে ইসরাইলি জবরদখল বন্ধের দাবিতে শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জাসদ আয়োজিত মানববন্ধন-সমাবেশ-বিক্ষোভ মিছিলে বক্তব্যকালে ইনু এ কথা বলেন। ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—জাসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, শ্রমিক জোট সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আনোয়ার হোসেন প্রমুখ।
