ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের শীর্ষ কমান্ডার নিহত

আপডেট : ১৭ মে ২০২১, ১৭:৫২

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের গাজায় ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আজ সোমবার (১৭ মে) এ হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এবং সংগঠনটির একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার ইসলামপন্থী শাসক হামাসকে কেন্দ্র করে চলমান এই সহিংসতায় আজ অষ্টম দিনের মতো বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ইসলামিক জিহাদের উত্তর বিভাগের কমান্ডার হুসাম আবু হারবীদ নিহত হয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বেশ কয়েকটি ট্যাঙ্ক বিরোধী ক্ষেপণাস্ত্র হামলার পেছনে জড়িত ছিলেন হুসাম আবু হারবীদ।

এদিকে, জেরুজালেমের উত্তরাঞ্চলের ইসরায়েল অধ্যুষিত জিভাত জেভ এলাকায় নব-নির্মিত একটি ইহুদি উপাসনালয়ে বসার আসন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক ইহুদি আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

জানা যায়, রবিবার ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় সাড়ে ৬০০ অতি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন।

ইত্তেফাক/টিএ