ইভিএম ব্যবহারে ভুল-ত্রুটি ছিল --------------সিইসি

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৪৯

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে কোথাও কোথাও ভুলত্রুটি ছিল। যে কারণে দ্রুত ফলাফল দেওয়া যায়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, ভুলত্রুটি ছিল, অসুবিধা ছিল। ইভিএমের ভুলত্রুটিগুলো চিহ্নিত করে সেগুলো সংশোধন করা হবে বলে জানান তিনি।

গতকাল বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ভবনে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ‘নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহারের মাধ্যমে ভোটগ্রহণ’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ছয়টি আসনে ইভিএমে ভোট নেওয়া হয়। আসনগুলো হলো- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২।

সিইসি নূরুল হুদা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ৬টি নির্বাচনী এলাকায় আমরা ইভিএম ব্যবহার করেছি। নতুন একটা পদ্ধতি প্রয়োগের সময় কিছু ভুলত্রুটি হতে পারে। তবু বলছি, আপনারা আরো সাবধান, সতর্ক থাকলে এরকম হতো না।

সিইসি বলেন, ‘আমরা বলেছিলাম এটা (ইভিএম) এমন একটা সিস্টেম যে আধা ঘণ্টা, এক ঘণ্টার মধ্যে জনগণের কাছে ফলাফল তুলে দেব। আমরা সেটি পারিনি।  ইভিএম ব্যবহারে কী ভুল ছিল সেগুলো শনাক্ত করতে হবে। সেগুলো সংশোধন করতে হবে। ইভিএম ব্যবহার করতে পারলে নির্বাচনে যে অনিয়ম হয় এর বেশির ভাগই বন্ধ হয়ে যাবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।