সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
সিংগাইর থানায় সদ্য যোগদানকৃত ওসিকে মাদক ব্যবসায়ী ও চুরি মামলার চার্জশিটভুক্ত আসামি ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হওয়ায় এলাকায় চলছে তোলপাড়। গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মো. শফিকুল ইসলাম মোল্লা গত শনিবার সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। যোগদানের শুরুতেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফরিদুর রহমান নামে এক যুবক। ফরিদ সিংগাইর উপজেলার ধল্লা খাসেরচর এলাকার আবদুল মান্নান ওরফে গোসাইয়ের ছেলে। ফরিদ একটি আটোরিকশা চুরি মামলার চার্জশিটভুক্ত আসামি। ধল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রামবাসী ফরিদকে এলাকাছাড়া করেছে। এলাকায় যারা মাদক বিক্রি করে তাদের সে আশ্রয় দিয়ে থাকে। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে অটোরিকশা চুরির মামলা। ইউপি সদস্য আরিফ হোসেনও একই তথ্য দিয়ে বিস্ময় প্রকাশ করেন। এলাকাবাসী জানায়, ফরিদের মতো থানার চিহ্নিত দালালরাও ওসির সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সিনিয়র সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেলের মো. রেজাউল হক বলেন, এলাকায় কে চোর আর কে ডাকাত নবাগত ওসি তা জানেন না। তবে যে ব্যক্তি ফরিদকে ওসির কাছে এনেছে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।
