ট্রেন ইঞ্জিনের ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৭ মে ২০২১, ২১:৪৫

বিশেষ প্রতিনিধি

দক্ষিণখানে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিমানবন্দর রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মহিউদ্দিন জানান, রবিবার রাতে দক্ষিণখান জয়নাল মার্কেট এলাকার রেললাইনে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলেই ঐ যুবক নিহত হন। তার পরনে ছিল বম্বে সুইটস স্টিকার লাগানো হলুদ রঙের গেঞ্জি ও নীল রঙের জিন্সের প্যান্ট। তিনি আরো জানান, সরকারের নির্দেশনায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও মালবাহী ট্রেন চলাচল করছে। তবে ঘটনার রাতে একটি ইঞ্জিন কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছিল। সেই ইঞ্জিনের ধাক্কায় তিনি নিহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।