বেতাগী (বরগুনা) সংবাদদাতা
বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ভোলানাথপুর গ্রামের বুলুর খাল নামক লোহার সেতুটি সাত বছরেও নির্মাণ করা হয়নি। সেতু নির্মাণ না করায় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নে এলজিইডির অর্থায়নে ২০১৫-২০১৬ অর্থবছরের ৩৮ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এরপর সেতুর প্রাক্কলন অনুযায়ী দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরুর কিছুদিন পর প্রয়োজনীয় অর্থ না থাকায় সেতুর কাজ অসম্পন্ন রেখে চলে যায়। এরপর ঐ সেতু নির্মাণে কোনো অর্থ বরাদ্দ হয়নি। এভাবে চলে গেছে সাত বছর। সেতুর উপরিভাগে সুপারিগাছ ফেলে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন চলাফেরা করছে। সেতুর লোহার অ্যাঙ্গেলগুলো মরিচা পড়ে গেছে। কিসমত ভোলানাথপুর, লক্ষ্মীপুরা ও ভোলানাথপুর গ্রামের মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই সেতু দিয়ে চলাচলকারী লক্ষ্মীপুরা গ্রামের সুজন আহমেদ বলেন, দীর্ঘদিন আগে সেতুটি নির্মাণের কাজ শুরু হয়ে মাঝপথে তা বন্ধ হয়ে যায়। সেতুর অভাবে বর্তমানে আমাদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। বেতাগী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, সেতু নির্মাণ না হওয়ায় এলাকার জনসাধারণ চরম দুর্ভোগে রয়েছে। বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, প্রকল্পে অন্তর্ভুক্ত সেতুটি শিগগিরই নির্মাণ করা হবে। উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, সেতুটির নকশা ও শিডিউল সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অর্থবরাদ্দ পেলে নির্মাণ করা হবে।
