মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
মাদারগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তিন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। সোমবার সকালে উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ী বাজারে টিনের বেড়া সরাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে হতাহতের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন :শ্যামগঞ্জ বাজরের বেকারি ব্যবসায়ী মিন্টু মিয়া (৩৫), প্রেস মালিক রাজু আহম্মেদ (৩০) ও ব্যবসায়ী ইলাম উদ্দিন (৬৫)। এলাকাবাসী জানান, সকালে রাজু আহম্মেদ তার বাসার টিনের বেড়া সরাতে গিয়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের ডেকে আনেন। বেড়াটি তুলে একটু উঁচু করতেই ওপরের ঝুলানো বিদ্যুতের মেইন তারে বেড়াটি লেগে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তারা মারা যান। সিধুলী ইউনয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম মিরন ঘটনাটি নিশ্চিত করেছেন।
নেত্রকোনায় বিদ্যুত্স্পৃষ্ট শিশুর মৃত্যু
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আরিফ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের তোতা মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তোতা মিয়া ঘরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দিয়ে রেখেছিলেন। সকালে আরিফ অটোরিকশার ব্যাটারির সঙ্গে লাগানো বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক আরিফকে মৃত ঘোষণা করেন।
