হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ১৭ মে ২০২১, ২২:০২

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা। রবিবার বিকালে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণে বিএসএফের বাধা দেওয়ার প্রতিবাদে ভারতের সঙ্গে এই আমদানি-রপ্তানি বন্ধ করে দেন তারা। হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আজিজ জানান, হিলি সীমান্ত এলাকা যেহেতু ঘনবসতিপূর্ণ, সেহেতু এখানকার মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য একটি অস্থায়ী শেড নির্মাণ শুরু করা হয়। কিন্তু রবিবার বিকালে বিএসএফের পক্ষ থেকে শেড নির্মাণকাজে বাধা প্রদান করা হয়। তাদের চিঠি দিয়ে বারবার আলোচনা করেও কোনো সুরাহা না হওয়ায় আমাদের পক্ষ থেকে আমদানি-রফতানি থেকে শুরু করে সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।