কখনোই একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না
ইত্তেফাক রিপোর্ট
নিয়মিত বা চুক্তিভিত্তিক চাকরি থেকে অবসরের পর একই ব্যাংকে পরিচালক হওয়া যাবে না। এ ছাড়া ব্যাংক থেকে অবসর বা অব্যাহতির পর পাঁচ বছর পার না হলে কাউকে আর উপদেষ্টা বা পরামর্শক নিয়োগ দেওয়া যাবে না। এত দিন এক বছর পর এ ধরনের পদে নিয়োগ দেওয়া যেত। ঈদের আগে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক থেকে নিয়মিত বা চুক্তিভিত্তিক কর্মকর্তা অবসর, অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তিনি কখনোই একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এ ছাড়া সাবেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রধান নির্বাহীর নিচের দুই স্তর পর্যন্ত কর্মকর্তা অবসর, অব্যাহতি বা চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর পাঁচ বছর না হলে একই ব্যাংকের উপদেষ্টা বা পরামর্শক হতে পারবেন না।
