দেশে মাথাপিছু আয় এখন ২২২৭ ডলার

আপডেট : ১৭ মে ২০২১, ২৩:০৭

চলতি অর্থবছরের (২০২০-২১) হিসাব অনুযায়ী মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ২২৭ ডলার, দেশীয় মুদ্রায় এর পরিমাণ ১ লাখ ৮৯ হাজার ৩০০ টাকা (১ ডলার সমান ৮৫ টাকা হিসাবে) । গত অর্থবছর (২০১৯-২০) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৬৪ ডলার (১ লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা)। সে হিসাবে এক বছরের ব্যবধানে মাথপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার বা ১৩৮৫৫ টাকা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সভায় পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলারে উন্নীত হয়েছে। আগের বছর ছিল ২ হাজার ৬৪ ডলার। মাথাপিছু আয় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত অর্থবছর মোট দেশজ উত্পাদনের (জিডিপি) আকার ছিল ২৭ লাখ ৯৬ হাজার ৩৭৮ কোটি টাকা। এ বছর সাময়িক হিসাব অনুযায়ী এটা হয়েছে ৩০ লাখ ৮৭ হাজার ৩০০ কোটি। তবে এটা চূড়ান্ত হিসাব নয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম আরো বলেন, আজকে (সোমবার) প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ বছর ছিল। সেজন্য ক্যাবিনেট থেকে তাকে ধন্যবাদ জানানো হয়েছে তার কার্যক্রমের জন্য। ওনার এই সুন্দর একটি দিনে মাথাপিছু আয় বাড়ার বিষয়টি চমত্কার একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন সবাই।