আরএফএল কারখানায় ভয়াবহ আগুন, আহত ৭

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২২:৫৬

রূপগঞ্জের মুড়াপাড়ায় বুধবার সকালে রংপুর মেটালের (আরএফএল) ফার্নিচার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ডেমরা, কাঞ্চন, পূর্বাচল ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে মনে করছেন বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন নেভাতে গিয়ে ও কারখানা থেকে বের হতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছেন। আহতরা হলেন- কারখানার ডেপুটি ম্যানেজার মান্না সাহা, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সোহেল মিয়া, শ্রমিক মনসুর মিয়া, মাহিন মিয়া, মোমেন মিয়া, রেহেনা ও আব্দুল কাদির।

কারখানার শ্রমিকরা জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ফার্নিচার কারখানার লেয়ার বিভাগের পশ্চিম পাশে আগুন দেখা দেয়। এসময় শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ১০টার দিকে ডেমরা, কাঞ্চন, পূর্বাচল ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে রঙ করার জন্য রাখা বিপুল পরিমাণ কাঠের ফার্নিচার, মেশিনারিজ, ফার্নিচার তৈরির জন্য রাখা কাঁচামাল ও বিশাল আকৃতির টিনসেড পুড়ে যায়।

নারায়ণগঞ্জ জোন-২ এর ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। কারখানার ম্যানেজার তন্ময় সাহা বলেন, এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়।