প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার পর গ্রেফতারের প্রতিবাদ মুখর দেশের সাংবাদিক সমাজ। সহকর্মীর এমন কঠিন সময়ে তার পাশে থাকতে ভুল করেননি ক্রীড়া সাংবাদিকরাও।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট সংক্রান্ত সংবাদ সংগ্রহকারীরা প্রতিবাদ করেছেন। এর আগে সকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শেষে রিপোর্টার, ফটো সাংবাদিক, ক্যামেরাপার্সনরা স্টেডিয়ামের টার্ফে বসে সহকর্মীর গ্রেফতারের প্রতিবাদ করেন তারা।
গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে রোজিনা পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের পিএস সাইফুল ইসলামের রুমে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরবর্তীতে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়।
সাংবাদিক এবং রোজিনার সহকর্মীদের দাবি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির খবর প্রকাশের জন্য হেনস্থা করা হচ্ছে তাকে। এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাংবাদিকরা। তারই অংশ হিসেবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে মানববন্ধন ও নিরব প্রতিবাদ জানান ক্রিকেটের খবর সংগ্রহ করতে আসা সাংবাদিকরা।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে সাংবাদিকরা উপস্থিত হয়েছিলেন। সংবাদ সংগ্রহের পর এক পর্যায়ে তারা স্টেডিয়ামের গ্যালারিতে ব্যানার হাতে রোজিনা ইসলামকে মুক্তি কামনা করেন। এর আগে সকালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সংবাদ সংগ্রহ করার পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিবাদ জানান ক্রীড়া সাংবাদিকরা।
মিরপুরে ক্রীড়া সাংবাদিকদের হাতে ছিল ব্যানার। যেখানে লেখা ‘জার্নালিসম ইজ নট এ ক্রাইম।’ সঙ্গে হ্যাশট্যাগ ফ্রি রোজিনা, জাস্টিস ফর রোজিনা।
ইত্তেফাক/এসআই
