ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ চার জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
গাইবান্ধা :গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাক্টরচাপায় মোটরসাইকেল আরোহী রাকিবুল হাসান নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার নতুন বাজার এলাকায় গোবিন্দগঞ্জ-নাকাই সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল গাইবান্ধা শহরের গোরস্থানপাড়ার হারুন অর রশিদের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গোবিন্দগঞ্জ থানার ওসি মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে মূলিবাড়ী চেকপোস্ট এলাকায় সকালে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মনিকা আক্তার মৌ নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত মৌ রাজশাহীর চারঘাট থানার চীরকুন্ডী গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোছাদ্দের হোসেন জানান, আশিকুর রহমান তার স্ত্রী মৌকে নিয়ে মোটরসাইকেলযোগে ঢাকা যাচ্ছিলেন।
মেহেরপুর :মেহেরপুরের মুজিবনগরে দুপুরে ট্রাকের ধাক্কায় রিজিয়া খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার যতারপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিজিয়া খাতুন বাবুপুরের সেন্টু মিয়ার স্ত্রী। কোমরপুর পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই ইকবাল হোসেন জানান, সেন্টু তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে মেহেরপুরে যাচ্ছিলেন। আহত সেন্টু মিয়াকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
বড়াইগ্রাম (নাটোর) :বড়াইগ্রামে সকালে সড়ক দুর্ঘটনা থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে মায়ের প্রাণ গেছে। নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি মুচিপাড়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা নুরজাহান বেগম (৩২) মারা যান। নিহত নুরজাহান ঐ গ্রামের মিলন হোসেনের স্ত্রী। বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে।
