ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৮ মে ২০২১, ২১:২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে ইউটিউব ভিডিও দেখতে গিয়ে ছাদ থেকে পড়ে সাইফুল ইসলাম বিপুল (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে শহরের শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল নারায়ণগঞ্জে একটি গার্মেন্টসে ম্যানেজার পদে চাকরি করতেন। নিহতের পরিবার জানায়, ঈদের ছুটিতে বাড়ি আসে বিপুল। পাঁচ তলা ভবনের ছাদে আত্মীয়দের সঙ্গে আড্ডার ফাঁকে মোবাইলে ইউটিউবে ভিডিও দেখার সময় হঠাত্ নিচে পড়ে যায়। পরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম জানান, ভবন থেকে পড়ে এক ব্যক্তির নিহতের খবর পেয়েছি। পুলিশ খোঁজখবর নিচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।