চলে গেলেন হকির অলংকার শামসুল বারী

আপডেট : ১৮ মে ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক শামসুল বারী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। ডায়াবেটিক এবং কিডনি রোগে আক্রান্ত শামসুল বারী (৭৫) রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন)। বিকেলে শামসুল বারীকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

গতকাল দুপুরে শামসুল বারীর মরদেহ হকি স্টেডিয়ামে আনা হয়। সেখানে হকির পুরোনো সব মানুষগুলো শ্রদ্ধা জানাতে এসেছিলেন। বারীর সঙ্গে হকির প্রতিটি ইটের সম্পর্ক কখনোই ভোলার নয়। হকি স্টিক মাঠ মাতানো এই মানুষটি সব সময় ছিলেন উদার, বন্ধুবত্সল, কখনো তাকে কেউ রাগ হতে দেখেনি। শুধু হকি অঙ্গনই নয়, দেশের ক্রীড়াঙ্গনের শামসুল বারী ছিলেন ভীষণ জনপ্রিয় একজন মানুষ। খেলাটা খুব ভালো বুঝতেন। সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনায় ছিলেন দারুণ দক্ষ। ১৯৮৮ হতে ২০০৭ পর্যন্ত এই মানুষটি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালীন  গুঞ্জন ছিল ‘বারী ভাই সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিলে এই চেয়ার নিয়ে কাড়াকাড়ি হবে।’ সেই গুঞ্জনই সত্যি হয়েছিল। নানা অঘটন আর ঘটনার মধ্যে হকি যেন পথচুত্য হয়ে পড়েছিল। চেয়ার নিয়ে টানাটানির মধ্যে মাঠের খেলোয়াড়রাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মাঠের আলোচনার চেয়ে বাইরের সমালোচনায় মুখর ছিল হকি অঙ্গন।

ফেডারেশন ছেড়ে চলে যাওয়ার পর মাঝেমধ্যে দেখা যেত ক্রীড়াঙ্গনের কোনো কোনো অনুষ্ঠানে। কিন্তু সেটি খুব কম। কারণ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। এক দিন হরতালের মধ্যে পায়ে হেঁটে ফেডারেশনের পথে রওনা দিয়েছিলেন শামসুল বারী। ধানমন্ডিতে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ভ্যান চালক শামসুল বারীকে আঘাত করলে তার পা ক্ষতিগ্রস্ত হয়। সেই থেকে হকির প্রিয় মুখ বারী ভাই ঘরমুখো হয়ে পড়েন।  

১৯৬৮ হতে স্বাধীনতাপূর্ব পর্যন্ত পূর্ব পাকিস্তান হকি দলের প্রতিনিধি হয়ে খেলেছেন শামসুল বারী। স্বাধীনতার পর ৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ হকি দলে খেলেন তিনি। ৭২ সালে বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক ছিলেন শামসুল বারী। এই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হকিতে ব্লু পান এই তারকা।

বাংলাদেশের হকিতে যে কয় জন উচ্চমানের খেলোয়াড় ছিলেন শামসুল বারী তাদেরই একজন। ঢাকার হকি লিগে মোহামেডান, মাহুত্টুলী (বর্তমান ঊষা ক্রীড়া চক্র) আবাহনীতে খেলেছেন। যেখানেই খেলেছেন সেখানেই সাফল্য এনে দিয়েছেন তিনি। ১৯৮৬ সালের ৮ জুলাই রাজশাহীতে জন্ম হকির এই তারকার। আন্তর্জাতিক সংগঠনে দায়িত্ব পালন করেন বারী। সাংবাদিকদের সংগঠন ক্রীড়ালেখক সমিতি ৭৭ সালে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ৯৫ সালে সেরা সংগঠকের পুরস্কার দেয়। বর্ষসেরা সংগঠকের পুরস্কার দেয় বিএসজেএ। বাংলাদেশের হকির এই অলংকার শামসুল বারীকে এশিয়ান হকি ফেডারেশন মেম্বার অব অনার দিলেও তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার পাননি।