দৈনিক শনাক্ত রোগী ফের হাজার ছাড়াল

আপডেট : ১৮ মে ২০২১, ২৩:০৪

ঈদের ছুটির পর নমুনা পরীক্ষা বাড়ায় দৈনিক শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা আবার হাজার ছাড়িয়েছে। দেশে গত এক দিনে আরো ১ হাজার ২৭২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৩০ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন হয়েছে। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ২১১ জন।

ঈদের ছুটির প্রথম দুই দিনে নমুনা পরীক্ষা এক-চতুর্থাংশে নেমে আসায় শনিবার শনাক্ত রোগীর সংখ্যা এক ধাক্কায় নেমে এসেছিল ১৩ মাসের           মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬১ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল সেদিন। পরদিন ৫ হাজার ৫০৮টি নমুনা পরীক্ষায় ৩৬৩ এবং রবিবার ১০ হাজার ৩৪৭টি নমুনা পরীক্ষা করে ৬৯৮ জন নতুন রোগী শনাক্ত করার কথা সোমবার জানানো হয়।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার নমুনা পরীক্ষা করার কথা জানিয়েছে, তাতেই শনাক্ত রোগীর সংখ্যা আবার বেড়ে গেছে। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে এক দিনে আরো ১ হাজার ১১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৬৬টি ল্যাবে ১৬ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৩৪ হাজার ৯১৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৯৯ হাজার ৬৯৫টি, বেসরকারি ব্যবস্থাপনায় ১৫ লাখ ৩৫ হাজার ২২৩টি। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ১৪ জন পুরুষ আর নারী ১৬ জন। তাদের ১৮ জন সরকারি হাসপাতালে, ১০ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন দুই জন। তাদের মধ্যে ১৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, সাত জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ছয় জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন, চট্টগ্রামের আট জন, রাজশাহীর দুই জন, সিলেটের  দুই জন, ময়মনসিংহের দুই জন এবং এক জন রংপুর বিভাগের বাসিন্দা। এ পর্যন্ত মৃত ১২ হাজার ২১১ জনের মধ্যে ৮ হাজার ৮৩৪ জন পুরুষ এবং ৩ হাজার ৩৭৭ জন নারী।